শনিবার নতুন রূপে আত্মপ্রকাশ করবে আইআইজিএবি

৫ জুন, ২০২৪ ২৩:০৩  

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডিজিটাল সংযুক্তিকে সুসংহত করার প্রত্যয় নিয়ে নতুন আঙ্গিকে ফিরছে আইআইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। নিরবিচ্ছিন্ন ব্যান্ডউইথ সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল অবকাঠামোর আন্তঃসীমান্ত সংযোগ ব্যবস্থাকে টেকসই করতে শনিবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে আইআইজিএবি’র নতুন কার্যনির্বাহী কমিটি। ওই দিন গুলশান ২ এর জহিরুল টাওয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে সাধারণ সভা। ওই সভাতেই নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করবেন দেশের ব্যান্ডউইথ সরবরাহকারী ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান।

সূত্রমতে, ২ জুন দ্বিতীয় মেয়াদে নতুন করে কার্য নির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির প্রথম সভায় পদ বন্টন কালে গঠনতন্ত্র তৈরি নিয়ে আলোচনা হয়। এসময় ৫-৪ ভোটে আইআইজিবি’র নতুন কমিটি বেসিস এর আদলে প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে গঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। ভোটের সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটিতে সভাপতির পর একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি ও পাঁচ জন পরিচালক থাকবেন। কমিটির প্রত্যেক সদস্যের থাকবে নির্দিষ্ট দায়িত্ব। সবার অংশগ্রহণমূলক কমিটি করতেই স্মার্ট সাংগঠনিক কাঠামোকে সংখ্যা গরিষ্ঠ কার্যনির্বাহী কমিটির ভোটে বেছে নিয়েছেন সদস্যরা।

জানাগেছে, ২০২৪-২৬ মেয়াদে মনোনীত ৯ সদস্যের মধ্যে পূর্ণাঙ্গ পদ বন্টন শেষে সাধারণ সদস্যদের নিয়ে শনিবার সাধারণ সভা করবে আইআইজিএবি। সেখানেই অভিষেক হবে নতুন কার্যনির্বাহী কমিটির।

আইআইজিএবি’র সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মাহমুদ শাহেদ স্বাক্ষরিত নতুন কমিটি গঠন সংক্রান্ত চিঠি সূত্রে প্রকাশ, শনিবারের আলোচনা সভায় বিটিআরসি হতে চাহিদাকৃত অপ্রদেয় রেভেনিউ শেয়ারিং আদায় সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ এবং কর্মসূচি, আইআইজি লাইসেন্স ধারীদের রেভিনিউ শেয়ারিং এর উপরে দ্বৈত কর আরোপ রোধে হাইকোর্টে কৃত রিট এর বকেয়া ফিস আদায় এবং ২০২৭ এ আইআইজি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ এবং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে আত্মপ্রকাশ করে। তখন থেকেই এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মীর টেলিকমের ডিজিএম সারোয়ার আলম এবং মহাসচিব লেভেল থ্রি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুনায়েদ।